নল সংক্রান্তি বাঙালির সবচেয়ে প্রাচীন কৃষি উৎসবগুলির মধ্যে একটি যা দুর্গাপুজোর আলোয় প্রায় হারিয়ে গেছে। এটি পালিত হয় আশ্বিন মাসের শেষ দিনে। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশের কৃষিজীবী সমাজে এটি \'ডাক সংক্রান্তি\' বা \'ধান সাধ\' নামেও পরিচিত।
এই সময়ে আমন ধানের গাছ গর্ভবতী হয়। ধানের ভিতরে চাল তৈরি হচ্ছে, যাকে কৃষকরা বলেন \'ধান পোয়াতি হয়েছে\'। তাই কৃষকরা ঠিক যেমন একজন গর্ভবতী মায়ের সাধভক্ষণ করেন, তেমনই ধান গাছেরও সাধ দেন। জমির চার কোণে নল গাছ (এক ধরনের সরু ঘাস বা শর) পুঁতে দেওয়া হয়। নলের মাথায় কাদা, সিঁদুর, ধান, ফুল দিয়ে সাজানো হয়। কোথাও কোথাও \'নল বুড়ি\' বানানো হয়। মন্ত্র পড়া হয়- \"নল পড়লো, ধান বাড়লো\"।
এর পিছনে দুটি তত্ত্ব কাজ করে। প্রথমত- কৃষি বিজ্ঞানের তত্ত্ব। নল গাছ পুঁতে দিলে পাখি এসে বসে এবং জমির ক্ষতিকারক পোকা খেয়ে ফেলে, এটি একটি প্রাচীন জৈব কীটনাশক পদ্ধতি। দ্বিতীয়ত- অ্যানিমিস্টিক তত্ত্ব। প্রাচীন বাঙালি বিশ্বাস করতো যে প্রকৃতিরও প্রাণ আছে। ধান শুধু ফসল নয়, সে মা লক্ষ্মী। তাই তাকে সম্মান না করলে ফলন ভালো হবে না।
নল সংক্রান্তির দর্শন হলো ইকো-ফেমিনিজম। এখানে প্রকৃতিকে মা হিসেবে দেখা হচ্ছে। একজন নারী যেমন সন্তান ধারণ করে, ধান গাছও তেমনই চাল ধারণ করে। তাই এই উৎসবে পুরুষ কৃষকরাও মাতৃত্বকে পুজো করছে। এটি বৈদিক যজ্ঞের উল্টো দর্শন- এখানে কোনো ব্রাহ্মণ লাগে না, কোনো মন্ত্রের বই লাগে না। কৃষক নিজেই পুরোহিত। জমিই মন্দির। এটি বাঙালির নিজস্ব, লৌকিক ধর্ম যা \'আর্য\' সংস্কৃতির অনেক আগের।
আজ নল সংক্রান্তি হারিয়ে যাচ্ছে কেনো? কারণ আমরা কৃষিকে আর সংস্কৃতি হিসেবে দেখি না, শুধু ব্যবসা হিসেবে দেখি। আমরা হাইব্রিড বীজ, রাসায়নিক সার ব্যবহার করি যেখানে ধানের \'সাধ\' দেওয়ার কোনো জায়গা নেই। কিন্তু এই উৎসবটিই আমাদের মনে করিয়ে দেয়- বাঙালির আসল উৎসব ছিলো ধানকে কেন্দ্র করে। নল সংক্রান্তিকে মনে রাখা মানে, আমাদের কৃষক সত্তাকে মনে রাখা।