আজ ক্লাস ওয়ানের বাচ্চার পিঠে যে ব্যাগ, তার ওজন প্রায় বাচ্চাটার ওজনের সমান। দশটা বই, পাঁচটা খাতা, ওয়ার্কশিট। প্রশ্ন হলো- বেশি বই মানেই কি বেশি শিক্ষা? আমার দর্শন খুব স্পষ্ট- বেশি বই জ্ঞানের বিস্তার নয়, জ্ঞানের বোঝা। বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে এই প্রবণতা বেশি। তাদের যুক্তি- যত বেশি বই, তত বেশি শেখা। অভিভাবকও খুশি। মনে করেন, টাকা উসুল হচ্ছে। কিন্তু তত্ত্বগতভাবে এই যুক্তি ভুল।

আসল শিক্ষা তিনটি স্তরে হয়- জানা (Information), বোঝা (Understanding) এবং প্রয়োগ (Application)। বেশি বই শুধু প্রথম স্তরটাই বাড়ায়- তথ্য। দ্বিতীয় ও তৃতীয় স্তরে যেতে সময় লাগে, চিন্তা লাগে, খেলার সময় লাগে। যখন বাচ্চা সারাদিন দশটা বই মুখস্থ করতে ব্যস্ত, তখন সে ভাববে কখন? আমি জিজ্ঞেস করেছিলাম- এই বইগুলো সব পড়ানো হয়? উত্তর এলো- না, অনেক বই শুধু কেনা হয়, পড়ানো হয় না। তাহলে কেনো? উত্তরটা অর্থনীতি। বেশি বই মানে বেশি কমিশন, বেশি বিক্রি। প্রকাশক লাভবান, স্কুল লাভবান, ক্ষতিগ্রস্ত শুধু শিশু।

রবীন্দ্রনাথ বলেছিলেন- \\\"বিদ্যা বোঝা নয়, বাহন।\\\" বই যদি বোঝা হয়ে যায়, তবে সেই বিদ্যা আর বাহন থাকে না, বোঝা হয়ে যায়। আমাদের সময়ে বই কম ছিলো, কিন্তু ভাবার সময় বেশি ছিলো। মাঠ ছিলো, গল্প ছিলো, প্রশ্ন করার অবকাশ ছিলো। আজ বই বেশি, কিন্তু শিশুর চোখে ক্লান্তি। সে শিখছে না, সে বইছে। তাহলে সমাধান কী?

আমার প্রস্তাব- ১) বই কমাও, গভীরতা বাড়াও। একটা বই ভালো করে পড়া, দশটা বই ছুঁয়ে যাওয়ার চেয়ে ভালো। ২) ওয়ার্কশিট নয়, ওয়ার্কশপ। হাতে-কলমে শেখা। ৩) ব্যাগের ওজন মাপো, নম্বরের ওজন নয়। প্রকৃত শিক্ষা বইয়ের সংখ্যায় নয়, বইয়ের সাথে সম্পর্কের গভীরতায়। একটা ভালো বই যা শিশুকে প্রশ্ন করতে শেখায়- সেটাই দশটা তথ্য-ভরা বইয়ের চেয়ে দামি। বেশি বই শিশুকে তথাকথিত স্মার্ট বানাতে পারে, কিন্তু প্রকৃত শিক্ষিত বানায় না। শিক্ষিত মানে যে অনেক জানে তা নয়। শিক্ষিত মানে যে ভাবতে জানে। আর ভাবতে জানার জন্য বই কম লাগে, অবসর বেশি লাগে।