ত্রিপুরার রাজনীতিতে একটি প্রচলিত প্রবাদ আছে- গ্রামে সরকার ঠিক হয়, শহরে সরকারের চরিত্র বোঝা যায়। বিধানসভা ভোটে গ্রামের ভোটে সরকার বদলায়, কিন্তু পুর ভোটে শহরের মানুষ সরকারকে নম্বর দেয়। সেই নম্বরটা আসনে নয়, শতাংশে। কারণ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা যায়, কিন্তু শতাংশ জেতা যায় না। ১০ নভেম্বর ২০২৬-এর ফাইনাল নমিনেশন রিপোর্ট সামনে রেখে এই শতাংশের দর্শনটাই বুঝতে হবে।

আমরা প্রায়ই বলি বিজেপি ২০২১-এ পুর ভোটে ৯৮.৫% আসন জিতেছে, সুনামি হয়েছে। তথ্যটা সত্য, কিন্তু অর্ধসত্য। তথ্য অনুযায়ী ২০২১-এ মোট আসন ছিলো ৩৩৪টি। তার মধ্যে ১১২টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলো বিজেপি যা মোট আসনের ৩৩.৫%। বাকি ২২২টি আসনে ভোট হয়। শেষ পর্যন্ত বিজেপি পেয়েছিলো ৩২৯টি আসন, অর্থাৎ ৯৮.৫% আসন। এর মানে ভোট হওয়া ২২২টি আসনের মধ্যে বিজেপি জিতেছিলো ২১৭টি, স্ট্রাইক রেট ৯৭.৭%। কিন্তু ভোট শতাংশের দিকে তাকালে ছবিটা অন্য। মোট বৈধ ভোট ছিলো ৩,৯৭,৯৭১টি। তার মধ্যে বিজেপি ৫৯.০১%, সিপিআইএম ১৮.১৩%, তৃণমূল ১৬.৩৯%, কংগ্রেস ২.০৭%, NOTA ১.৭২% এবং অন্যান্য ২.৬৮%। অর্থাৎ বিজেপির পক্ষে ৫৯.০১% এবং বিজেপির বিরুদ্ধে ৪০.৯৯%। তৃণমূল যদিও ২৪% ভোটের দাবি করেছিলো, অফিসিয়াল হিসাবে তা ১৬.৩৯%। অর্থাৎ ১০০ জন ভোটারের মধ্যে ৪১ জন বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলো। কিন্তু সেই ৪১% ভোট চার ভাগে ভাগ হয়ে যাওয়ায় ৫৯% ভোট নিয়েও ৯৭.৭% স্ট্রাইক রেটে ৯৮.৫% আসনের সুনামি দেখা গিয়েছিলো। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলে First Past The Post System-এর বিকৃতি।

ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী মরিস দ্যুভার্জের Duverger\\\'s Law অনুযায়ী FPTP ব্যবস্থায় দুটি শক্তি কাজ করে- Mechanical effect যেখানে ছোট দল আসন পায় না এবং Psychological effect যেখানে ভোটার ভোট নষ্ট হওয়ার ভয়ে দুটি বড় দলের মধ্যে একটিকে বেছে নেয়। তাই FPTP দু-দলীয় প্রতিদ্বন্দ্বিতার দিকে ঝোঁকে। ২০২১-এ ত্রিপুরায় এই তত্ত্বের বিকৃতি ঘটেছিলো- বিরোধী ভোট চার ভাগে ভাগ হয়ে যাওয়ায় ৫৯.০১% ভোট ৯৮.৫% আসনে পরিণত হয়েছিল যা mechanical effect-এর চরম উদাহরণ।

ত্রিপুরার ইতিহাস এই তত্ত্বকেই সমর্থন করে। ২০১৫ সালে বামফ্রন্ট ৩১০টি আসনের মধ্যে ২৯১টি আসন পেয়ে ৯৩.৮৭% আসন দখল করেছিলো। সেবার কংগ্রেস ১৩টি, বিজেপি ৪টি এবং নির্দল ২টি আসন পায়। আগরতলা কর্পোরেশনে বাম ৪৯-এর মধ্যে ৪৫টি আসন জিতেছিলো। আসন ৯৩.৮% পেলেও সেটাই ছিলো ২০১৮ সালে বাম পরিচালিত সরকারের পতনের আগাম সংকেত, কারণ তলায় তলায় বিজেপি প্রথমবার ৪টি আসন জিতে উত্থানের ইঙ্গিত দিয়েছিলো। একইভাবে ২০২১ সালে বিজেপি ৯৮.৫% আসন পেলেও ভোট ৫৯.০১%-এ আটকে ছিলো যা ২০২৩ বিধানসভায় তাদের আসন ৩২-এ নেমে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলো।

শহরের ভোট হয় ইস্যুর ভিত্তিতে- জল, মশা, রাস্তা, আলো, বর্জ্য, যানজট, বাড়ির ট্যাক্স। কারণ শহরের ভোটার প্রতিদিন পুর পরিষেবার মুখোমুখি হয়। ২০২১-এ NOTA ছিলো ১.৭২% যা শহরের শিক্ষিত ভোটারের নীরব প্রতিবাদ। তাই পুর ভোটে NOTA-র শতাংশই হলো শাসকের প্রতি অনাস্থার থার্মোমিটার। আবার বাম-কংগ্রেসের প্রতি অনীহাও হতে পারে। এবারও বাম ও কংগ্রেস জোট না হওয়ায় বহু কর্মী-সমর্থক আশাহত হয়েছেন।

তবে ২০২৬-এর ছবিটা অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এবার মোট আসন ৩৪৫টি। এর মধ্যে ৭৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়ে গেছে যা মোট আসনের ২২.৩%। এর মধ্যে কমলপুরে ১১টির মধ্যে ১১টি, জিরানিয়ায় ১১টির মধ্যে ১১টি, রানীরবাজারে ১৩টির মধ্যে ১৩টি, মোহনপুরে ১৫টির মধ্যে ১৫টি, শান্তিরবাজারে ১৫টির মধ্যে ১৫টি, আমবাসায় ৬টি, তেলিয়ামুড়ায় ৪টি এবং বিশালগড়ে ২টি। বাকি ২৬৮টি আসনে ভোট হবে যা মোট আসনের ৭৭.৭% এবং সেখানেই শতাংশের আসল পরীক্ষা হবে। ২০২১-এ বিনা লড়াই ছিলো ৩৩.৫%, এবার ২২.৩%, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। এই ২৬৮ আসনে ফাইনাল প্রার্থী ৮১০ জন। এর মধ্যে বিজেপি ৩৪২, সিপিআইএম ২২৮, কংগ্রেস ২০১, তিপ্রা মথা ১০ এবং অন্যান্য ২৯। IPFT-এর প্রার্থী শূন্য। আগরতলা কর্পোরেশনে ৫১ আসনে ভোট হবে, সব আসনেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ধর্মনগরে ২৫ আসনে ৭৫ জন এবং উদয়পুরে ২৩ আসনে ৬০ জন প্রার্থী।

এখন প্রশ্ন হলো- ২০২১-এ তৃণমূলের ১৬.৩৯% ফ্লোটিং ভোট কোথায় যাবে? অন্যান্য ২.৬৮% এবারও আছে, তাই ফ্লোটিং শুধু তৃণমূলের ১৬.৩৯%। ফ্লোটিং ভোট কেনো, তার প্রমাণ ২০২৩ বিধানসভা, যেখানে তৃণমূলের ভোট ১% এর নীচে নেমে গেছে। TMC বাদ দিলে বিরোধী বেস দাঁড়ায় ৪০.৯৯ - ১৬.৩৯ = ২৪.৬%। এই ২৪.৬% এর মধ্যে আছে সিপিআইএম ১৮.১৩%, কংগ্রেস ২.০৭%, NOTA ১.৭২% এবং অন্যান্য ২.৬৮%। এই ১৬.৩৯% ফ্লোটিং ভোটের ভাগ নিয়েই ২০২৬-এর ভাগ্য নির্ধারণ হবে।

প্রথম সিনারিও, যদি ফ্লোটিং ভোটের বেশিরভাগ বিজেপিতে যায়। ধরা যাক বাম-কংগ্রেসে ৬%, বিজেপিতে ৮% এবং NOTA-তে ২.৩৯% = ১৬.৩৯%। তাহলে বিজেপি ৫৯.০১+৮=৬৭.০১%, বিরোধী ২৪.৬+৬+২.৩৯=৩২.৯৯%। ২৬৮ আসনে বিজেপি প্রায় ১৯০টি আসন পাবে যার স্ট্রাইক রেট ৭০.৮%। মোট ৩৪৫-এ বিজেপি ৭৭+১৯০=২৬৭টি আসন পাবে যা ৭৭.৩%। এর মধ্যে সিপিআইএম ৪৫টি, কংগ্রেস ২৫টি এবং অন্যান্য ৮টি পেতে পারে।

দ্বিতীয় সিনারিও, যদি ভোট ভাগ হয়ে যায়। ধরা যাক বাম-কংগ্রেসে ১০%, বিজেপিতে ৪% এবং NOTA-তে ২.৩৯% = ১৬.৩৯%। তাহলে বিজেপি ৫৯.০১+৪=৬৩.০১%, বিরোধী ২৪.৬+১০+২.৩৯=৩৬.৯৯%। ২৬৮ আসনে বিজেপি প্রায় ১৬৫টি আসন পাবে যার স্ট্রাইক রেট ৬১.৫%। মোট ৩৪৫-এ বিজেপি ৭৭+১৬৫=২৪২টি আসন পাবে যা ৭০.১%। এর মধ্যে সিপিআইএম ৬০টি, কংগ্রেস ৩৫টি এবং অন্যান্য ৮টি পেতে পারে। এই অবস্থায় NOTA ১.৭২% থেকে বেড়ে ৪.১১% হতে পারে।

তৃতীয় সিনারিও, যদি ফ্লোটিং ভোট পুরোটাই বিরোধীতে ফেরে। ধরা যাক বাম-কংগ্রেসে ১৪% এবং NOTA-তে ২.৩৯% = ১৬.৩৯%। তাহলে বিজেপি ৫৯.০১%, বিরোধী ২৪.৬+১৪+২.৩৯=৪০.৯৯%। ২৬৮ আসনে বিজেপি প্রায় ১৪০টি আসন পাবে যার স্ট্রাইক রেট ৫২.২%। মোট ৩৪৫-এ বিজেপি ৭৭+১৪০=২১৭টি আসন পাবে যা ৬২.৮%। এর মধ্যে সিপিআইএম ৭৫টি, কংগ্রেস ৪৫টি এবং অন্যান্য ৮টি পেতে পারে।

বিরোধীদের ভিতরের ভাগ কিভাবে হলো? ২০২১-এ সিপিআইএম ১৮.১৩% এবং কংগ্রেস ২.০৭%, অনুপাত প্রায় ৯:১। কিন্তু এবার কংগ্রেস ২০১ আসনে লড়ছে, তাই ২০২৩ বিধানসভার মতো কংগ্রেসের ভোট বাড়বে। তাই বিরোধী আসনের মধ্যে ৬০% সিপিআইএম এবং ৪০% কংগ্রেস ধরা হয়েছে।

তাই ২০২৬-এর আসল প্রশ্ন ৩৪৫-এ বিজেপি কতো আসন পেলো তা নয়, আসল প্রশ্ন হলো তৃণমূলের এই ১৬.৩৯% ফ্লোটিং ভোট কোন দিকে যায় এবং ২৬৮ আসনে ভোট শতাংশে বিজেপি ৬০%-এর উপরে থাকে কিনা। ২০১৫-এ বাম ৯৩.৮% আসন পেয়েও ২০১৮-এ হেরেছিলো। ২০২১-এ বিজেপি ৯৮.৫% আসন পেয়েও ২০২৩-এ ৩২-এ নেমেছিলো। ৭৭টি আসন অঙ্কে জেতা যায়, কিন্তু ২৬৮ আসনে শতাংশের লড়াই মাঠে জিততে হয়। এটাই পুর ভোটের আসল খেলা এবং ২০২৮ বিধানসভার সেমিফাইনাল।


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

About Writer : Sri Raja Debroy 
Sri Raja Debroy, born on May 18 in Agartala, Tripura, is a renowned writer, philosopher, and tabla player whose literary contributions span multiple genres and languages. With a deep interest in literature, philosophy, culture, and social issues, he has developed a distinctive voice through his diverse writings. He is a member of the prestigious London Poets Club, reflecting his engagement with the wider literary community. His published works include 50 Years of Umakanta Academy, Chhandapatan, Char Line Hoye Jak, Electoral Reforms, Thoughtful Poems, and Kalpana Ki Duniya in Hindi. Through his literary and philosophical pursuits, Raja Debroy continues to explore human thoughts, social realities, and cultural experiences, establishing himself as a versatile literary personality with a multifaceted creative identity